জামিন পেয়েই ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, রাত ১০:০৮


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালত থেকে জামিন পাওয়ার দিনই আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুই শব্দের একটি আপত্তিকর পোস্ট দিয়ে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর নতুন করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরীমনির অভিযোগ, বের হওয়ার পথে কেউ তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সাংবাদিককে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সংবাদকর্মীদের সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ রয়েছে। এতে কয়েকজন গণমাধ্যমকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন।

আদালত প্রাঙ্গণের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি শব্দের একটি পোস্ট দেন পরীমনি। পোস্টটিতে ছিল আপত্তিকর ও আক্রমণাত্মক ভাষা। তবে কাকে উদ্দেশ করে তিনি এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার লাইক পড়ে। তবে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারেননি। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অনেকের মতে, ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরক্তি প্রকাশের অধিকার সবার থাকলেও একজন জনপ্রিয় তারকার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। বিশেষ করে প্রকাশ্যে অশালীন ভাষার ব্যবহার ও সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগ তার ভাবমূর্তি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন আইনি জটিলতা, আদালত প্রাঙ্গণে বিতর্কিত অঙ্গভঙ্গি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নানা পোস্টের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন পরীমনি। নতুন এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এমএসি/আরএইচ

Link copied