নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, রাত ১০:৩০
সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে তারা।
কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটির সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।
এমএসি/আরএইচ