বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে করবেন আবেদন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯
পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন দেখেন অনেকেই। তবে আর্থিক সামর্থ্যের অভাবে অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। এবার বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে লটারির মাধ্যমে জেতা যাবে ওমরাহ প্যাকেজ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘Kemenhaj Saudi Gelar Undian Umrah Gratis di Aplikasi Nusuk, Ini Cara Daftarnya’ শিরোনামের প্রতিবেদনে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ পাওয়ার নিয়ম তুলে ধরা হয়। এর আগে গত ১ নভেম্বর মিসরের আরবি সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
কী থাকছে পুরস্কারের তালিকায়?
প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতাটি গত ১ নভেম্বর শুরু হয়েছে। নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই দিন এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
- ওমরাহ ভিসা
- বিমান টিকিট
- মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন
- ২০ কার্টন জমজমের পানি
বিজয়ীরা জমজমের পানির ১০ কার্টন নিজের জন্য রাখতে পারবেন। বাকি ১০ কার্টন পরিবার, বন্ধু বা প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ থাকবে।
তবে প্রতিযোগিতার শেষ তারিখ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নুসুকের মূল শর্তাবলি থেকেও শেষ সময়সীমা নিশ্চিত হওয়া যায়নি।
যেভাবে প্রতিযোগিতায় অংশ নেবেন
বিনা মূল্যে ওমরাহ প্যাকেজ জিততে আগ্রহীদের নুসুক অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. অ্যাপে প্রবেশ করে নতুন অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগইন করা যাবে।
৩. অ্যাপের ভেতরে থাকা ‘Start the Challenge’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো:
- The Prophet’s Biography
- The Quran
- Makkah and the Grand Mosque
- Madinah and the Prophet's Mosque
৫. নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলেই প্রতিযোগীর নাম পুরস্কারের লটারিতে অন্তর্ভুক্ত হবে।
প্রতিদিন একটি করে চাবি পাওয়া যাবে
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন। এই চাবি ব্যবহার করে প্রশ্নের দরজা খোলা যাবে।
এ ছাড়া প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করে অতিরিক্ত চাবি পাওয়ার সুযোগও রয়েছে।
প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও বিজয়ীদের তালিকা জানা যাবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণ করা যায়।
আগ্রহীরা নিচের লিংকগুলো থেকে অ্যাপ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
নুসুক অ্যাপ ডাউনলোড: https://onelink.to/nusuk নুসুকের ওয়েবসাইট: https://services.nusuk.sa/ নুসুকের এক্স অ্যাকাউন্ট: https://x.com/MyNusuk
এমএসি/আরএইচ