হাসিনার আমলের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২৩


জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রিজভী বলেন, পলাতক শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে জনগণের দাবি অনুযায়ী দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে। যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা একের পর এক হত্যা, গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছেন। তরুণ জনতা আবারও দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’

বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তিকে উপেক্ষা করে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল। এ কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশকে আর কখনো কারও কাছে বিক্রি করতে দেওয়া হবে না।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরও দেশকে অন্য একটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখন শঙ্কার মুখে পড়ে, তখন ৭ নভেম্বর সিপাহি-জনতা আটক জিয়াউর রহমানকে মুক্ত করে তাঁর হাতে দেশের দায়িত্ব তুলে দেন। স্বাধীনতার পর বারবার দেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। ৭ নভেম্বর সেই প্রচেষ্টা রুখে দেওয়া হয়।

রিজভী আরও বলেন, ‘আওয়াজে হিন্দুস্তান, বলে দেশে আসবে। যাদের হত্যা করেছেন, তাদের বিচার হবে না? এ দেশের আইনের শাসন নিশ্চিত হবে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে। প্রতিটি হত্যার বিচার হবে।’

তিনি বলেন, স্বাধীনতার চেতনা বিক্রি করে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বাংলাদেশকে ক্রীতদাস বানানোর চেষ্টা করেছিলেন। জনগণের শক্তিকে উপেক্ষা করায় তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপির রাজনীতি জনগণের কল্যাণের রাজনীতি।

এমএসি/আরএইচ

Link copied