ঢাবিতে ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্যের কাছে তারা পদত্যাগপত্র পাঠান। এছাড়া আরো কয়েকজন সহকারী প্রক্টর বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে একই সিদ্ধান্ত নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে এসব শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলা হয়েছিল বলে জানা গেছে।
পদত্যাগ করা পাঁচজন হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১ জন সহকারী প্রক্টর আছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে জানান, বুধবার প্রক্টরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় প্রক্টর তাকে বিভিন্ন দিক থেকে তৈরি হওয়া চাপের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কি না, তা জানতে চান। প্রক্টরের পক্ষ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ পাওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তবে প্রক্টর তাকে পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো নির্দেশ দেননি বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, চারপাশের চাপ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রক্টর পদত্যাগের অনুরোধ করেছিলেন।
অন্যদিকে, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রেও এসব কারণ উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এক সংবাদ মাধ্যমকে জানান, বুধবার তিনি দুজনের পদত্যাগপত্র পেয়েছেন। সংশ্লিষ্টরা তাদের পদত্যাগপত্রে তাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার একটি সভা শেষে আরও তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, বিভিন্ন ঘটনায় রাজনৈতিক চাপের অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। অনেক সময় সবকিছুর মধ্যেই রাজনীতির প্রভাব খোঁজা হয়। তবে সহকারী প্রক্টররা কেন দায়িত্ব ছাড়ছেন, সেটি তারাই সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন।
এমএসি/আরএইচ