দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান চান শেখ হাসিনা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৯
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুই বছরের বেশি সময় দেশটিতে অবস্থন করার পর তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশের সরকার।
শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধানবহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’
এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
তবে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তবে ভারতে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।
এমএসি/আরএইচ