'হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে'
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২০
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, এ বিষয়ে তার সাথে আমাদের কোনো আলোচনা নেই।
তিনি আরো বলেন, শেখ হাসিনা একজন মারাত্মক ও জঘন্য অপরাধী। তিনি তার সাঙ্গপাঙ্গসহ সেখানে (ভারতে) অবস্থান করছেন। তিনি শুধু অভিযুক্তই নন, বরং দণ্ডপ্রাপ্ত।
তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন; এটি কেবল প্রাথমিক কোনো অভিযোগ নয়। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন এবং কীভাবে তাকে হস্তান্তর করা হবে-এই সব আলোচনা ভারতের সাথেই হবে।’
এমএসি/আরএইচ