বাস ও পুলিশের গাড়িতে আগুন

রাজনীতি ডেস্ক

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, রাত ০৯:১২


রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা।

অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।

ওসি আরও বলেন, ‘দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

এমএসি/আরএইচ

Link copied