৮ বছরের অপেক্ষার অবসান সাব্বিরের
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ০১:০৯
দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটালেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু তিন অঙ্কের দেখা পাননি জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। অবশেষে সেই অপেক্ষা ফুরাল মিরপুরে। খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাব্বির।
২০১৮ সালের ২৮ জুন চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ১৬৫ রান করেছিলেন সাব্বির। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই ছিল তার সর্বশেষ সেঞ্চুরি। আট বছর পর আবারও এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৪ ম্যাচ খেলে এটি সাব্বিরের পঞ্চম শতক।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের জন্য এই সেঞ্চুরি নিঃসন্দেহে বিশেষ এক অর্জন। প্রথম শ্রেণির ক্রিকেটে আট বছর পর তিন অঙ্কের দেখা পাওয়ার পাশাপাশি তার ইনিংস রাজশাহীকে বড় পরাজয়ের শঙ্কা থেকে রক্ষা করেছে।
এমএসি/আরএইচ