এনসিপিতে ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৫


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরামের অস্তিত্ব নেই মন্তব্য করেছেন দলটি রাজনৈতিক পর্ষদের সদস্য এবং মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিংবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
 
পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো ফোরামের অস্তিত্ব নাই। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিকাল কাউন্সিল (রাজনৈতিক পর্ষদ)। এর সদস্য সংখ্যা ১৬ জন। তারা সকলে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা।
 
তিনি লিখেছেন, বিভ্রান্তি ছড়ানো এবং বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
 
তিনি আরও লিখেছেন, এনসিপির রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।

এমএসি/আরএইচ

Link copied