সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে রিজভীর শোক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ০১:০৫
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি পাঁচবারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) নীতি ও আদর্শে আস্থাশীল আব্দুল হাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও তিনি নিরলসভাবে কাজ করেছেন।
রিজভী আরও বলেন, জনসেবার লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন আব্দুল হাই। সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তিনি নিজ এলাকাসহ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছেন।
শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই ছিলেন প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী আব্দুল হাই মানুষের বাক্স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে কাজ করেছেন।
আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রিজভী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি।
এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসি/আরএইচ