দলীয় লোকদের সারের ডিলার নিয়োগ দিয়ে আইন ভেঙেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:২৪


সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 
তিনি অভিযোগ করে বলেছেন, ‘প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
‘সবার আগে বাংলাদেশ’- বিএনপির এ স্লোগান নিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি এই নীতিতে দেশ পরিচালনা করছে সরকার।’
 
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সারের ডিলার নিয়োগে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দিচ্ছে সরকার। এমনকি টাকার বিনিময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে।’
 
দলীয় চাপের মুখে নিয়ম ভেঙে ডিলার নিয়োগ দেয়া হচ্ছে উল্লেখ করে এ ঘটনায় দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
 
এদিকে, বুধবার কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

এমএসি/আরএইচ

Link copied