অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের লাশ উদ্ধার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৮
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশের ফাঁকা স্থান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ভবনটির তৃতীয় তলা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে ক্লাবের সুইমিংপুলের কাছে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, মো. মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর বাবার দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এমএসি/আরএইচ