৬১৮ কোটি টাকার হীরাখচিত অন্তর্বাস পরে আলোচনায় কাইলি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, দুপুর ০২:১৫
রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনার ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে ৫ কোটি ডলার বা প্রায় ৬১৮ কোটি টাকার (১২৩.৬০২ টাকা দরে)একটি অন্তর্বাস পরে প্রথমবারের মতো অংশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছেন।
রোববার অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বার্ষিক ফ্যাশন শোতে বিখ্যাত ‘ফ্যান্টাসি ব্রা’ পরে দর্শকদের চমকে দেন এই প্রসাধনী ব্যবসায়ী। নকশাকারীর তথ্য অনুযায়ী, অন্তর্বাসটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হীরা দিয়ে।
বছরের পর বছর ধরে ফ্যান্টাসি ব্রা এই ফ্যাশন শোর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সাধারণত এটি পরার সুযোগ পাওয়াকে নির্বাচিত মডেলের জন্য সম্মানজনক অর্জন এবং ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়।
‘দ্য কার্দাশিয়ানস’ অনুষ্ঠানের তারকা ২৯ বছর বয়সী জেনারকে এই অন্তর্বাস পরার জন্য নির্বাচিত করায় কিছু ভক্ত আনন্দ প্রকাশ করেছেন। তবে অনেকেই একজন অভিজ্ঞ সুপারমডেলকে এই সুযোগ না দেয়ায় ব্র্যান্ডটির সমালোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিপণন বিশেষজ্ঞ জোয়েল মারলিনারসন বলেন, এই মুহূর্তটি অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং এটি ‘মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ’ নিয়ে ‘অনেক আলোচনার’ জন্ম দিয়েছে।
তিনি বিবিসি নিউজবিটকে বলেন, “অবশ্যই, কাইলি এমন এক নতুন যুগের তারকাকে প্রতিনিধিত্ব করেন, যেখানে ব্র্যান্ডগুলো একজন মডেলের প্রচলিত আদর্শ সংজ্ঞার সঙ্গে কে মানানসই, তার চেয়ে কে সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, সেটিকে অগ্রাধিকার দিচ্ছে।”
মারলিনারসন বলেন, তরুণ দর্শকদের সঙ্গে জেনারের একটি সংযোগ রয়েছে। কারণ, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কার্দাশিয়ান বোনদের সঙ্গে তাঁর রিয়েলিটি শো দেখতে দেখতে বড় হয়েছে।
তবে তিনি বলেন, দর্শকদের এমন একটি অংশও রয়েছে, যারা ‘ফ্যাশনের কিংবদন্তি নাওমি ক্যাম্পবেলের যুগের’ কথা মনে রেখেছেন। তাদের কাছে জেনারকে এই বিশেষ মুহূর্ত দেওয়াকে ‘তাদের পরিচিত ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে মনে হতে পারে।
এমএসি/আরএইচ