বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:৩৬
বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিছু ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
বুধবার (২১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স, এএফপি ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) সতর্ক করে বলেছে, দ্রুত নিরাপত্তাত্রুটি সংশোধন করা সম্ভব না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র, সরকারি তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভালতোরি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরকারি নেটওয়ার্কের ওয়েবসেবা বন্ধ করে দেয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিরাপত্তা হালনাগাদের অপেক্ষায় স্থানীয় প্রশাসনের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখে। ডেনমার্কের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কমবিট কয়েকটি সেবা বন্ধ করে দেয়, যার মধ্যে জাতীয় স্কুল যোগাযোগ প্ল্যাটফর্মও রয়েছে।
যুক্তরাজ্যের এডিনবরা কাউন্সিলের ওয়েবসাইট এবং বিবিসির ‘ডক্টর হু’ ও ‘দ্য ট্রেইটরস’ অনুষ্ঠানের কয়েকটি ওয়েবপেজও পাওয়া যায়নি। তবে এসব ওয়েবসাইট বন্ধ হওয়ার সঙ্গে পিএইচপির নিরাপত্তাত্রুটির সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়নি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির নিরাপত্তাত্রুটি শনাক্ত করেন।
উইজ জানিয়েছে, উন্নত এআই মডেল ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে একাধিক অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কার্যকর হামলার কৌশল তৈরি ও পরিবর্তন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির অনুমান, ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ এ ত্রুটির কারণে ঝুঁকিতে থাকতে পারে। তবে বিবিসি জানিয়েছে, এ পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এমএসি/আরএইচ