হরমুজ প্রণালি ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ০২:২১


তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বুধবার বলেছেন, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটের আওতায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের সংকট কূটনৈতিকভাবে সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে আঙ্কারা। টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ কথা জানান বলে এরদোয়ানের কার্যালয় জানিয়েছে।
 
এরদোয়ান ট্রাম্পকে আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত।
 
যুদ্ধ এবং হরমুজ প্রণালিসংক্রান্ত সংকট সমাধানে কাতারের মধ্যস্থতায়ও সমান্তরালভাবে প্রচেষ্টা চলছে।
 
আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কাতারের মধ্যস্থতাকারীরা রোববার ইরানের কাছে একটি নতুন খসড়া চুক্তি উপস্থাপন করেছেন। সপ্তাহের শেষ নাগাদ তেহরান এই খসড়ার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে।
 
ওই কর্মকর্তা বলেন, ইরান যে নতুন খসড়াটি বিবেচনা করছে, তাতে তেহরান ও ওয়াশিংটনের উদ্বেগগুলো সমাধানের জন্য সাত দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এতে আস্থা তৈরির লক্ষ্যে প্রতিদিন উভয়পক্ষকে যেসব পদক্ষেপ নিতে হবে, তারও রূপরেখা দেয়া হয়েছে।
 
ওই কর্মকর্তা আরও জানান, আগামী সপ্তাহের শুরুতেই এই সময়সীমা কার্যকর হতে পারে এবং কয়েকটি দেশ চুক্তিটির গ্যারান্টার হিসেবে কাজ করবে।
 
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তার অবসান ঘটাতে কাতার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে মধ্যস্থতার নেতৃত্ব দিচ্ছে। এই সংঘাত বৈশ্বিক নৌপরিবহন ও তেল সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে।

এমএসি/আরএইচ

Link copied