ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধানকে চিঠি ভ্যান্সের, কী লেখা ছিল তাতে?
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:১৩
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে লেখা এক চিঠিতে জোর দিয়ে বলেছেন, সম্ভাব্য যেকোনো মার্কিন হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা করতে হলে‘পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে হবে’।গতকাল বুধবার (২৮ অক্টোবর)এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিটি নিয়ে ‘অত্যন্ত উৎসাহী’ ছিলেন। চিঠিটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। অ্যাক্সিওস জানিয়েছে, এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যদিও চিঠিটি কখন পাঠানো হয়েছিল, তা জানা যায়নি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে তেহরানের উদ্দেশে এটি সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার বিষয়টি ট্রাম্প বিবেচনা করছেন, এমন সময়ে এই যোগাযোগের ঘটনা ঘটল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রেজায়ি ইরানের শীর্ষস্থানীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের একজন এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে।
গত মঙ্গলবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর রেজায়ি খামেনির সঙ্গে বৈঠক করেন। ইরান ও এই তিন দেশের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের প্রথম যোগাযোগ।
যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টা এমন এক সময়ে চলছে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানি গণমাধ্যমের সেই প্রতিবেদন অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্রের মাইনকে আঘাত করছে।
বুধবার এক্স/টুইটারে দেয়া এক পোস্টে সেন্টকম বলেছে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব প্রধান নৌপথ মার্কিন বাহিনী সমুদ্রের মাইনমুক্ত করেছে এবং সেগুলো এখনো মাইনমুক্ত রয়েছে।
এমএসি/আরএইচ