শ্রমিকদের অস্থিরতার পেছনে কিছু শিল্প মালিক ও সংগঠন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২ নভেম্বর ২০২৬, দুপুর ০২:০৩
শ্রমিকদের অস্থিরতার পেছনে কিছু শিল্প মালিক ও সংগঠন জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।’
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘কিসের ডিসেম্বর, ডিসেম্বর করছেন। আমরা পলাতক, খুনি, গণহত্যাকারী, ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের, যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের সবাইকে ফেরত পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী আবেদন জানিয়েছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন জানিয়েছি। সেই জায়গায় ডিসেম্বর কেন, আজকেই যদি তারা প্রত্যাবর্তিত হন, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। কোর্টের রায় অনুসারে ব্যবস্থা নেব। এখানে ডিসেম্বর-ডিসেম্বর বলে একটা হাইপ তোলার চেষ্টা করছে, তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করার চেষ্টা করছেন। সেটা কখনো সফল হবে না।’
সাংবাদিকরা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি আছে এবং থাকবে কোনো পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, ফ্যাসিস্ট যদি চান, তাহলে যেন অতিশিগগিরই প্রত্যাবর্তন করেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।’
বৈঠকে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি, সংকটের কারণ এবং তা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। সেখানে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস।
এমএসি/আরএইচ