জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ক্লোজড
সোমবার, ২ নভেম্বর ২০২৬, রাত ০৯:১৪
যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।
ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই দুর্বৃত্ত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। এ সময় ভিডিওতে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগানের শব্দও শোনা যায়।
সোমবার দুপুরে সরেজমিনে স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখা যায়, অগ্নিসংযোগের কারণে এর বিভিন্ন স্থানে পোড়ার কালো দাগ রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সোমবার রাতেও সেখানে দুই সদস্য মোতায়েন ছিলেন। তবে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভ চত্বরে প্রবেশ করে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
এমএসি/আরএইচ