নারীদের সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার সময় এসেছে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:১২


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার সময় এসেছে। সংরক্ষিত আসন ব্যবস্থা বহাল থাকলে নারীরা কখনো প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবেন না।

নারীদের সংরক্ষিত আসন প্রথা বিলুপ্ত করার সময় এসেছে: স্পিকারতিনি বলেন, এর পরিবর্তে তিনি রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান চালুর পরামর্শ দিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি দেশের সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সংরক্ষিত নারী আসনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদে নারীরা পিছিয়ে ছিলেন বলে ১৫টি আসন তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিলো। তখন মূল চেতনা বা স্পিরিট ছিলো, সমাজ এগিয়ে গেলে এই ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতিটি সংসদ আসে আর এই সংখ্যা বাড়ানো হয়। এভাবে বাড়তে বাড়তে সংরক্ষিত আসন এখন ৫০টিতে দাঁড়িয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই মনোনয়ন বা সংরক্ষিত আসন প্রথা উঠিয়ে দেওয়ার সময় এসেছে। এভাবে সংরক্ষিত আসন রাখা হলে নারীরা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, স্বাবলম্বীও হবেন না। এখন দেশের বিভিন্ন এলাকায় অনেক যোগ্য ও দক্ষ নারী নেত্রী রয়েছেন, যারা সরাসরি নির্বাচন করে পুরুষ প্রার্থীদের পরাজিত করে সংসদে আসার সক্ষমতা রাখেন।

বর্তমান সংসদে নারী সদস্যদের গুণগত মানের ভূয়সী প্রশংসা করে স্পিকার অতীতের একটি অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, আগের একটি সংসদে তিনি এমন এক সংরক্ষিত নারী সদস্যকে দেখেছিলেন, যিনি লিখিত বক্তব্য দেখে রিডিং পর্যন্ত পড়তে পারছিলেন না; সম্ভবত তার অক্ষরজ্ঞানও ভালোমতো ছিলো না। অথচ বর্তমান সংসদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবারের সংসদে নারী সদস্যরা অত্যন্ত স্মার্ট ও যোগ্য।

বর্তমান সংসদের নারী প্রতিনিধিদের সাফল্যের চিত্র তুলে ধরে তিনি জানান, এবার ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন নারী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। তারা সংসদে এত চমৎকার ও যুক্তিপূর্ণ বক্তব্য দেন যে স্পিকার নিজেই মুগ্ধ হয়ে শোনেন। এটি প্রমাণ করে যে দেশের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং সমাজ এগিয়ে যাচ্ছে। গত কয়েক দশক ধরে দেশের শীর্ষ নেতৃত্বে নারীরাই ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সুযোগ দিলে নারীরা সরাসরি নির্বাচনেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।

বিকল্প প্রস্তাব হিসেবে স্পিকার বলেন, সংরক্ষিত আসন তুলে দিয়ে প্রয়োজনে এমন আইন করা যেতে পারে, যেখানে প্রতিটি রাজনৈতিক দলকে মোট আসনের অন্তত এক-তৃতীয়াংশ আসনে বাধ্যতামূলকভাবে নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। এতে করে যোগ্য নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সংসদে আসার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে স্পিকার দেশের সার্বিক রাজনীতি, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়েও কথা বলেন। তিনি জানান, এই সর্বদলীয় সংসদীয় ককাস দেশের সাড়ে তিন কোটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে এবং সংসদের ভেতরে ও বাইরে ইতিবাচক সংস্কার আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসি/আরএইচ

Link copied