খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৬
খুলনার রূপসায় বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসেছিলেন জাকির। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র এবং রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত দুই বছরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মী হত্যার শিকার হলেন।
সর্বশেষ গত ৫ নভেম্বর ডুমুরিয়ায় গুলিতে নিহত হন শেখ তরিকুল ইসলাম (৩৫)। তিনি পেশায় মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। তরিকুল ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। ওই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার জোড়া বটতলা এলাকার গাফফারের চায়ের দোকানে তাকে গুলি করা হয়। পরপর এসব হত্যাকাণ্ডে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
এমএসি/আরএইচ