নবম থেকে ষষ্ঠ গ্রেড, ছয়তলা বাড়ি ও পাঁচ দোকান: মজিবুরের সম্পদের উৎস কোথায়?

রাজনীতি প্রতিবেদক

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৭


শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের (আল-নাহিয়ান ট্রাস্ট) হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে পদোন্নতিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। নবম গ্রেড থেকে একলাফে ষষ্ঠ গ্রেডে উন্নীত হওয়া, কয়েক বছরের ব্যবধানে পাঁচটি দোকান ও ছয়তলা বাড়ির মালিক হওয়াসহ তাঁর সম্পদের উৎস নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, আল নাহিয়ানে চাকরিতে যোগদানের সময় মজিবুর রহমানের নিজস্ব কোনো বাড়ি ছিল না। অথচ কয়েক বছরের ব্যবধানে তিনি রাজধানীর কচুক্ষেতে ছয়তলা বাড়ি ও পাঁচটি দোকানের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একজন কর্মচারীর সম্পদের এমন বিস্তার কীভাবে সম্ভব হলো, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর প্রথম স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যয় নিয়েও অভিযোগ উঠেছে। এ ছাড়া ট্রাস্টের আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাবের কথা তুলে ধরে অভিযোগকারীরা দাবি করেছেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো অডিট করা হয়নি।

অভিযোগ রয়েছে, প্রচলিত নিয়ম ও নীতিমালা উপেক্ষা করে নিজেই  নিজের পদোন্নতির কমিটির সভাপতি হয়ে উচ্চতর গ্রেডের সুবিধা নিয়েছেন মজিবুর রহমান। পাশাপাশি এতিম নিবাসীদের জন্য বরাদ্দ করা অর্থ থেকে প্রতি মাসে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি তিনি ছুটির দিনে রাত পর্যন্ত অফিসের কাজ করেন অভিযোগকারীদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

ট্রাস্টের বনানী এলাকার ফ্ল্যাট ও শপিং কমপ্লেক্সের ভাড়া আদায় এবং ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে জি-১ ফ্ল্যাটের সাবেক ভাড়াটিয়া নুরুল আলম সানুর কাছে ৫২ লাখ টাকা ভাড়া বকেয়া থাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বকেয়া ভাড়া আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকলেও সংশ্লিষ্ট ফাইল সরিয়ে রাখা হয়। পরে ওই ভাড়াটিয়া ফ্ল্যাট ছেড়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে।

লালমনিরহাটে প্রায় চার কোটি টাকার মেরামতকাজে অনিয়মের অভিযোগও রয়েছে মজিবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়েছে, দৃশ্যমান কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন করা হয়েছে। এ ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। একই ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তা প্রচুর পরিমাণ অর্থ ঘুষ নিয়েছেন বলেও অভিযোগকারীরা দাবি করছেন 

ট্রাস্টি বোর্ডের অনুমোদন ছাড়াই ট্রাস্টের দুই কোটি টাকা সোনালী ব্যাংকের পরিবর্তে পদ্মা ব্যাংকে জমা রাখার অভিযোগও উঠেছে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে ৮০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ অর্থ উত্তোলন, ব্যক্তিগত ঋণ গ্রহণ এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের ঋণসুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

মজিবুর রহমানের বিরুদ্ধে ছুটির দিনেও গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থানের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রশ্ন, ছুটির দিনে গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থানের কারণ কী এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত কি না। তাঁর এমন কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

মজিবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে পদোন্নতিতে অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ট্রাস্টের নির্বাহী পরিচালক (উপসচিব) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ জমা দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। এতে হতাশা প্রকাশ করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এসব অভিযোগের বিষয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান ভূঁইয়া জানান, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বাড়ি ও দোকান আমার স্ত্রীর নামে। তিনি ওই সম্পত্তির মালিক।

এমএসি/আরএইচ

Link copied