নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:২৮
এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকে ঘটেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তার মতে, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেয়ার পরে স্টার নিউজকে এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক।
তিনি বলেন, ‘ঘটনার দিন রাতেই তারা নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পান। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।’
তোজাম্মেল হকের ভাষ্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের পর্যবেক্ষণে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’
এর আগে শুক্রবার দুপুরের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির জবানবন্দি নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। তাদের কাছেই জবানবন্দি দেন তোজাম্মেল হক।
প্রসঙ্গত, নুসরাত তাবাসসুম শুরু থেকেই দাবি করে আসছেন, শর্ট সার্কিট থেকে তার বাড়িতে আগুন লাগেনি। তার অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
এমএসি/আরএইচ