জেমসের গান ও স্মৃতি সংরক্ষণ করবে ‘জেমস ফাউন্ডেশন’
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:১১
চার দশকেরও বেশি সময় ধরে বাংলা রক সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন নগরবাউল জেমস। এবার তার দীর্ঘ সংগীতজীবনের গান, সৃষ্টিকর্ম ও স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে গঠন করা হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’। শুধু সংগীতকর্ম সংরক্ষণই নয়, দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী বছরের শুরুর দিকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে।
রবিন বলেন, দীর্ঘদিন ধরেই ফাউন্ডেশন গঠনের বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছিল। দেশের মানুষের কাছ থেকে জেমস যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনটির অন্যতম প্রধান উদ্দেশ্য জেমসের গান ও সংগীতকর্ম যথাযথভাবে সংরক্ষণ করা। এর মাধ্যমে তার দীর্ঘদিনের সৃষ্টিগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান সংশ্লিষ্টরা।
পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাও থাকবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ।
আশির দশকের শুরুর দিকে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। পরবর্তী সময়ে ‘নগরবাউল জেমস’ নামেই ব্যাপক পরিচিতি পান তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নিজের স্বতন্ত্র গায়কী ও সংগীতশৈলী দিয়ে বাংলা রক সংগীতে তৈরি করেছেন আলাদা অবস্থান।
সময়ের সঙ্গে বদলেছে সংগীতের ধারা, এসেছে নতুন প্রজন্মের শিল্পী; তবে জেমসের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
এখনো দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে তার পরিবেশনা উপভোগ করতে ভিড় করেন অসংখ্য শ্রোতা।
ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এর লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এমএসি/আরএইচ