ইয়েমেনের সরকারি প্রশিক্ষণ শিবিরে বিদ্রোহীদের হামলা, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, দুপুর ০২:০৯


ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে সোমবার ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের হামলায় ৫৩ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দরিদ্র দেশটিতে যখন সংঘাত আরও তীব্র হচ্ছে, তখন এ হামলার ঘটনা ঘটল।
 
রয়টার্সের যাচাই করা শাবওয়া প্রদেশের ভিডিওতে আহত মানুষ এবং রক্তাক্ত মরদেহগুলো মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
 
বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি ভূখণ্ডের দিকে হুথি গোষ্ঠীটি গত সেপ্টেম্বরে অগ্রসর হওয়ার পর থেকে হুথিরা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত এই প্রণালিটি জাহাজ চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ।
 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কর্তৃপক্ষের সূত্রগুলো জানিয়েছে, একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হুথিরা নিরাপত্তা বাহিনীর ওপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
 
দক্ষিণ-মধ্য উপকূলীয় ইয়েমেনে অবস্থিত জ্বালানি-সমৃদ্ধ প্রদেশ শাবওয়া এডেন উপসাগরের দিকে মুখ করে রয়েছে। এ প্রদেশেই রয়েছে বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা, যা ইয়েমেনের বৃহত্তম শিল্প বিনিয়োগ।
 
সরকারি বাহিনী এ মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করেছে এবং প্রণালির কাছাকাছি এলাকায় হারানো ভূখণ্ড পুনর্দখল করেছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ প্রধান নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে।

এমএসি/আরএইচ

Link copied