আশুলিয়ায় বিক্ষোভকারীদের সড়ক অবরোধ, ৫০ কারখানা ছুটি ঘোষণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, রাত ০৯:০৯
ন্যূনতম বেতন ৩০ হাজার করাসহ ৩ দফা দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় প্রথমে বুঝিয়ে এবং পরে শ্রমিকদের ইট পাটকেলের মুখে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুজন আহত হন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সকল কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।
এছাড়া, সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে। বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে এখানে রাবার বুলেট ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’
এমএসি/আরএইচ