নারায়ণগঞ্জ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আলী আহসান জুনায়েদ
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:১৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আলী আহসান জুনায়েদের নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি দলটির যুগ্ম আহ্বায়ক ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
দলীয় সূত্র জানায়, চলতি মাসে নারায়ণগঞ্জে এক বিক্ষোভ সমাবেশ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
চার দফা দাবিতে দেশের মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এর অংশ হিসেবে চলতি মাসে নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে দলটির। ওই সমাবেশেই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলী আহসান জুনায়েদের নাম ঘোষণা করা হতে পারে।
আলী আহসান জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে মাঠপর্যায়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনকে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং তৃণমূলের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের পরিচিতি পৌঁছে দেওয়ার সুযোগ হিসেবে দেখছে এনসিপি।
এমএসি/আরএইচ