আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৪০


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা আমিরাতে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতের কিছু আগে ফুজাইরা আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে ধীরগতির যান চলাচলের কারণে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার ও বিশেষায়িত দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। চিকিৎসা শেষে ১৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এমএসি/আরএইচ

Link copied