হোয়াইট হাউজের কাছে গোলাগুলিতে আহত ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অভিজাত এলাকা লোগান সার্কেলে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকায় সাধারণ মানুষকে চলাচল না করার আহ্বান জানিয়েছে। ওই এলাকায় ভিআইডিএ ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ ও বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। কাছেই একটি হোল ফুডস সুপারমার্কেট অবস্থিত। পুলিশ সড়কের বড় একটি অংশ ঘিরে রেখেছে। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে।
বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করায় আশপাশের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সহায়তার জন্য ঘটনাস্থলে এজেন্ট পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।
এর আগে ২০২৫ সালের আগস্টের শুরুতে লোগান সার্কেল এলাকায় এক রবিবার ভোরে হামলার শিকার হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) কাজ করা এক ব্যক্তি। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় একদল কিশোর ওই ব্যক্তি ও এক নারীর ওপর হামলা চালায়।
ওই ঘটনার কয়েক দিন পর স্থানীয় কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার হুমকি বাস্তবায়ন করেন ট্রাম্প। অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনি শহরটিতে শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেন। সেই মোতায়েন এখনো অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি
এমএসি/আরএইচ