শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

রাজনীতি প্রতিবেদক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০২:১৪


দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে। গত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। সংগঠনটির মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজিএমইএর পরিচালিত এক জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ ছিল। এতে কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য বিবেচনায় এ ক্ষতির হিসাব করা হয়েছে।

উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে। ক্রেতাদের অর্ডার ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিলের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে কারখানাগুলোকে।

জরিপের তথ্য অনুযায়ী, পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত করা রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব আদেশের আর্থিক মূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

তবে জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণকে প্রকৃত চিত্রের একটি অংশ বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, দেশের ৬০০টিরও বেশি কারখানা এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হলেও সীমিত সময়ের মধ্যে পরিচালিত জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। পাশাপাশি জরিপের তথ্য ১৮ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ বলছে, এ পরিস্থিতিতে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের সুনাম, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও হুমকির মুখে পড়তে পারে। বিপুলসংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনাকে এর একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছে সংগঠনটি।

এ সংকট দ্রুত মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে বিজিএমইএ জানিয়েছে, দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও জীবন-জীবিকা রক্ষায় উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এমএসি/আরএইচ

Link copied