জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:০৮
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক ও প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় তাদের খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শিশুদের ফুটবল দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন।
আলাপচারিতার একপর্যায়ে সবাইকে ভালো থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় নেওয়ার আগে শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি।
এমএসি/আরএইচ